হুমকি মোকাবিলায় ‘টেকসই প্রতিরোধ’ গড়ার আহ্বান গালিবাফের
ইরানের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দূর করতে ও বর্তমানের ‘না যুদ্ধ, না শান্তি’ পরিস্থিতির অবসান ঘটাতে ‘টেকসই প্রতিরোধ সক্ষমতা’ অর্জনই একমাত্র পথ বলে মন্তব্য করেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। খবর আল জাজিরার।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার প্রতিবেদনে জানানো হয়, গালিবাফ বলেছেন- দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ‘দীর্ঘস্থায়ী অনিশ্চয়তা’ দূর করার ওপর জোর দিয়েছেন এবং ‘রাজনৈতিক বক্তব্যের পরিবর্তে সুনির্দিষ্ট সিদ্ধান্ত’ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
ইরানের পার্লামেন্ট স্পিকার বলেন, ‘আমরা যদি এই পরিস্থিতির ধারাবাহিকতা রোধ করতে চাই, তবে দেশ থেকে যুদ্ধ ও হুমকির ছায়া সরিয়ে ফেলা ছাড়া আমাদের সামনে আর কোনো বিকল্প নেই।’
এদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সঙ্গে যুদ্ধে ‘পরাজিত’ হওয়ার পর ওয়াশিংটন শর্ত চাপিয়ে দেওয়ার ক্ষমতা হারিয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাই।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোহসেন রেজাই বলেন, ‘২০২৬ সালের ইরান ১৯৪৩ সালের তেহরান সম্মেলন কিংবা ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের সময়কার ইরান নয়। ঠিক তেমনি ২০২৬ সালের যুক্তরাষ্ট্রও সেই যুগের আমেরিকা নয়, বরং তারা যুদ্ধে বিজয়ী কোনো শক্তি না হয়ে একটি পরাজিত দেশে পরিণত হয়েছে।’
মোহসেন রেজাই আরও লেখেন, ‘বিশ্ব বদলে গেছে। পুরোনো ছবি দিয়ে বর্তমান বিশ্বব্যবস্থাকে আর অতীতে ফিরিয়ে নেওয়া সম্ভব নয়।’

এনটিভি অনলাইন ডেস্ক