যুক্তরাষ্ট্র যুদ্ধে পরাজিত দেশ, শর্ত আরোপে অক্ষম : ইরান
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সঙ্গে যুদ্ধে ‘পরাজিত’ হওয়ার পর ওয়াশিংটন শর্ত চাপিয়ে দেওয়ার ক্ষমতা হারিয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাই। খবর আল জাজিরার।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোহসেন রেজাই বলেন, ‘২০২৬ সালের ইরান ১৯৪৩ সালের তেহরান সম্মেলন কিংবা ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের সময়কার ইরান নয়। ঠিক তেমনি ২০২৬ সালের যুক্তরাষ্ট্রও সেই যুগের আমেরিকা নয়, বরং তারা যুদ্ধে বিজয়ী কোনো শক্তি না হয়ে একটি পরাজিত দেশে পরিণত হয়েছে।’
মোহসেন রেজাই আরও লেখেন, ‘বিশ্ব বদলে গেছে। পুরোনো ছবি দিয়ে বর্তমান বিশ্বব্যবস্থাকে আর অতীতে ফিরিয়ে নেওয়া সম্ভব নয়।’
উল্লেখ্য, ১৯৪৩ সালে নাৎসি জার্মানির বিরুদ্ধে যুদ্ধের কৌশল সমন্বয় করতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সোভিয়েত ইউনিয়নের শীর্ষ নেতাদের মধ্যে প্রথমবারের মতো তেহরান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।
পরবর্তীতে ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে ওই তিন দেশের নেতা- ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট, উইনস্টন চার্চিল ও জোসেফ স্ট্যালিন ইয়াল্টা সম্মেলনে একত্রিত হয়েছিলেন। সেই সম্মেলনের মাধ্যমেই একটি নতুন বিশ্বব্যবস্থার রূপরেখা তৈরি হয়েছিল, যার নেতৃত্বে ধীরে ধীরে যুক্তরাষ্ট্র অধিষ্ঠিত হয়।

এনটিভি অনলাইন ডেস্ক