সরকার মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে : ধর্মমন্ত্রী
সরকার মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
শনিবার রাতে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের সাথে সাক্ষাৎকালে ধর্মমন্ত্রী একথা জানান।
ধর্মমন্ত্রী বিমানবন্দর পরিদর্শন করে পরিস্থিতি সম্পর্কে অবগত হন এবং তিনি আটকেপড়া যাত্রীদের সাথে কথা বলেন। তাদের উদ্বেগের কথা শোনেন এবং এই কঠিন সময়ে সরকার তাদের পাশে রয়েছে বলে আশ্বস্ত করেন।
ধর্মমন্ত্রী বলেন, যাত্রীদের নিরাপত্তা ও কল্যাণই সরকারের প্রধান অগ্রাধিকার। পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত তাদের যাত্রা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় অব্যাহত রয়েছে। সকলকে ধৈর্য ধারণের আহ্বান জানাচ্ছি।
মধ্যপ্রাচ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ইতোমধ্যে একাধিক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। আম্মান, কুয়েত, দুবাই, আবুধাবি, দোহা, বাহরাইনসহ বিভিন্ন গন্তব্যের ফ্লাইট স্থগিত হওয়ায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনেক যাত্রী আটকা পড়েছেন। বিমানবন্দর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সংস্থাগুলো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যাত্রীদের তথ্য প্রদানে কাজ করে যাচ্ছে।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)