অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ
সাবেক এমপি সানজিদার দেশত্যাগে নিষেধাজ্ঞা
সানজিদা খানম। ফাইল ছবি
অবৈধ সম্পদ অর্জনের মামলায় ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সানজিদা খানমের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
আজ রোববার (১ মার্চ) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
রিয়াজ হোসেন বলেন, আজ দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেন অভিযোগ সংশ্লিষ্ট সানজিদার বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, সানজিদার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। দুদকের কাছে বিশ্বস্ত তথ্য রয়েছে, তিনি দেশত্যাগ করে অন্য দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তিনি বিদেশে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য তার বিদেশ গমন রহিত করা একান্ত আবশ্যক।

আদালত প্রতিবেদক