ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’
বাতাসে ক্ষতিকর ধূলিকণার ঘনত্ব বেড়ে যাওয়ায় আজও বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষ পাঁচের মধ্যে রয়েছে ঢাকা। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, আজ সোমবার (২ মার্চ) ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, আজ সকাল ৯টার দিকে রাজধানী ঢাকার বায়ুর মান সূচক বা একিউআই স্কোর ছিল ১৭৬। এই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে রাজধানী শহর ঢাকা।
একই সময়ে দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, যার স্কোর ২৮১। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি শহর (স্কোর ১৯৩)। তালিকার তৃতীয় ও পঞ্চমে রয়েছে যথাক্রমে উজবেকিস্তানের রাজধানী তাসখন্দ (স্কোর ১৮৫) ও নেপালের কাঠমন্ডু (স্কোর ১৭৬)।
বায়ুমানের আন্তর্জাতিক সূচক অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে তা ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে ‘মাঝারি’ এবং ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। এ ছাড়া ১৫১ থেকে ২০০ স্কোর হলে তা সাধারণভাবে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।

এনটিভি অনলাইন ডেস্ক