ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১
শ্রীনগর ফায়ার সার্ভিস নিহতের মরদেহ উদ্ধার করে। ছবি: এনটিভি
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবক নিহত এবং একজন আহত হয়েছেন।
আজ সোমবার (২ মার্চ) সকাল ৮টার দিকে শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের ওমপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত যুবকের নাম সাবেদ (১৯)। তিনি নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা। আহত যুবক হলেন মো. সামির (২৪), তার বাড়িও নারায়ণগঞ্জে।
শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. দেওয়ান আজাদ হোসেন বলেন, সকালে দ্রুতগতিতে চলা মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয় এবং সামির গুরুতর আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। আহত যুবককে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রেরণ করা হয়েছে।

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ