ফ্যামিলি কার্ড নিয়ে পরিকল্পিত গুজব ছড়ানো হচ্ছে : শিমুল বিশ্বাস
ফ্যামিলি কার্ড নিয়ে একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে গুজব ছড়িয়ে দরিদ্র মানুষের মাঝে বিভ্রান্তি তৈরি করছে বলে মন্তব্য করেছেন পাবনা সদর আসনের সংসদ সদস্য ও শ্রমিক দলের কেন্দ্রীয় সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস। আজ সোমবার (২ মার্চ) সকালে পাবনায় নিম্নবিত্ত মানুষের মাঝে রমজানের নিত্যপণ্য ও ইফতার সামগ্রী বিতরণের সময় তিনি এসব কথা বলেন।
এবি ট্রাস্টের উদ্যোগে এবং তুরস্কের দাতব্য সংস্থা ‘টার্কিশ কো-অপারেশন অ্যান্ড কোঅর্ডিনেশন এজেন্সি'র (টিকা) সহযোগিতায় পাবনার কুঠিপাড়া আলহাজ্ব আহেদ আলী বিশ্বাস কলেজ মাঠে এই খাদ্য সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়।
শিমুল বিশ্বাস বলেন, ‘দেশের কয়েকটি উপজেলায় পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে, তবে এখনো পুরোপুরি এই কার্যক্রম শুরু হয়নি। অথচ একটি মহল মিথ্যা তথ্য ছড়িয়ে দরিদ্র মানুষকে উত্তেজিত করার চেষ্টা করছে।’ তিনি আরও জানান, পবিত্র ঈদুল ফিতরের পর সারাদেশের সঙ্গে পাবনাতেও স্বচ্ছতার ভিত্তিতে ফ্যামিলি কার্ডের তালিকা প্রণয়ন ও বিতরণ শুরু হবে। তাই কুচক্রী মহলের প্ররোচনায় বিভ্রান্ত না হতে তিনি সবার প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তুরস্কের দাতব্য সংস্থা ‘টিকা’-র সমন্বয়কারী মোহাম্মদ আলী। তিনি পবিত্র রমজানে সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার সুযোগ করে দেওয়ার জন্য শিমুল বিশ্বাসকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে পাবনার মানুষের জন্য আরও মানবিক সহায়তা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এবি ট্রাস্টের চেয়ারম্যান শিমুল বিশ্বাস এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাবনার জেলা প্রশাসক শাহেদ মোস্তফা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম এবং সাংবাদিক আখিনুর ইসলাম রেমন প্রমুখ।
অনুষ্ঠানে প্রায় ৩০০ সুবিধাবঞ্চিত মানুষের হাতে খেজুর, ছোলা, চিনি ও তেলসহ প্রায় ২০ কেজির খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

জুবায়ের খান প্রিন্স, পাবনা (সদর-সুজানগর-আটঘরিয়া-আতাইকুল)