ইরানের সঙ্গে বৈঠকে বসছে সৌদি, তুরস্ক ও পাকিস্তান
আঞ্চলিক উত্তেজনা প্রশমনে আজ সোমবার (২৬ অক্টােবর) ইরানের রাজধানী তেহরানে বৈঠকে বসছেন সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা। ‘মক্কা চুক্তি’র আওতাভুক্ত তিন দেশের প্রতিনিধিদের সঙ্গে ইরানের এটি প্রথম উচ্চপর্যায়ের বৈঠক।
সৌদি আরবের প্রতিনিধিত্ব করবেন প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং তুরস্কের গোয়েন্দাপ্রধান ইব্রাহিম কালিন। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সঙ্গে তাদের আলোচনা হওয়ার কথা। খবর রয়টার্সের।
ইয়েমেনের ইরানপন্থী হুথিদের হামলা বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা নতুন করে বাড়ার প্রেক্ষাপটে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। রোববার (২৫ অক্টােবর) কাতারের মধ্যস্থতাকারীরাও উত্তেজনা কমানোর উদ্যোগ নিয়ে তেহরানে ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
সৌদি কর্মকর্তাদের মতে, সংকট প্রশমনে কূটনৈতিক উদ্যোগ জোরদার করাই এই আলোচনার লক্ষ্য। গত আগস্টে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি অনুযায়ী, কোনো সদস্য দেশের ওপর সশস্ত্র হামলাকে অন্য সদস্যদের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।
এদিকে রোববার সৌদি আরবের আকাশে আরও এক দফা ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করা হয়েছে বলে জানানো হয়েছে। হুথিদের হামলা এবং যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন সামরিক অভিযানের হুঁশিয়ারিতে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান চালানোর বিষয়টি বিবেচনায় রয়েছে। পাল্টা জবাব আরও কঠোর হবে বলে সতর্ক করেছে তেহরান। এমন পরিস্থিতিতে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের এই বৈঠক আঞ্চলিক উত্তেজনা কমাতে গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

এনটিভি অনলাইন ডেস্ক