বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় দরপতন ঘটেছে। যুক্তরাষ্ট্রের মূল মূল্যস্ফীতি প্রতিবেদনের অপেক্ষায় থাকার পাশাপাশি বিনিয়োগকারীদের লাভ বিক্রির প্রবণতায় মূল্যবান এই ধাতুর দাম প্রায় ১ দশমিক ১ শতাংশ কমেছে।
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রয়টার্সের এক প্রতিবেদনে আন্তর্জাতিক স্বর্ণের বাজারের এই চিত্র উঠে এসেছে।
প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশ সময় দুপুর ২টা ৫৫ মিনিটে স্পট গোল্ডের দাম ১.১ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ২২.১৯ ডলারে নেমে আসে। অপরদিকে যুক্তরাষ্ট্রে ডিসেম্বরের সরবরাহ চুক্তিতে স্বর্ণের ফিউচার প্রাইস ০.৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৫.০০ ডলারে লেনদেন হয়। বিশ্ববাজারে টানা দ্বিতীয় মাসের মতো স্বর্ণের মূল্যে পতনের এই ধারা অব্যাহত রয়েছে।
গতকাল বুধবার অনুষ্ঠিত বৈঠকে প্রত্যাশা অনুযায়ী সুদের হার অপরিবর্তিত রেখেছে যুক্তরাষ্ট্রের ফেড। আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে ঋণের খরচে কোনো পরিবর্তন না এনে আগামী ডিসেম্বরে সুদের হার বাড়ানোর পথ উন্মুক্ত রেখেছে সংস্থাটি। বর্তমানে ট্রেডারদের বড় অংশই (প্রায় ৮০ শতাংশ) আগামী ডিসেম্বরের নীতি নির্ধারণী বৈঠকে ফেড সুদের হার বাড়াবে বলে ধারণা করছে। সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী এই পূর্বাভাস ত্বরান্বিত হয়েছে।
বাইবিটের প্রধান বাজার বিশ্লেষক হান তান জানিয়েছেন, আজ প্রকাশ হতে যাওয়া যুক্তরাষ্ট্রের পার্সোনাল কনজাম্পশন এক্সপেনডিচার্স (পিসিই) ডেটা বা মূল মূল্যস্ফীতির সূচক যদি প্রত্যাশার চেয়ে বেশি আসে, তবে স্বর্ণের দাম ৪ হাজার ডলারের নিচে নেমে যেতে পারে। সুদের হার বাড়লে অ-ফলনশীল সম্পদ হিসেবে স্বর্ণ ধারণ করার আগ্রহ বিনিয়োগকারীদের কাছে কিছুটা কমে যায়, যা দাম কমার অন্যতম প্রধান কারণ।
এছাড়া ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকও (ইসিবি) সুদের হার অপরিবর্তিত রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট সিলভারের দাম ২.৪ শতাংশ কমে প্রতি আউন্স ৫২.৬৭ ডলারে দাঁড়িয়েছে। প্লাটিনামের দাম ২.৩ শতাংশ কমে ১ হাজার ৫০২.৬১ ডলার এবং প্যলাডিয়ামের দাম ০.৮ শতাংশ কমে ১ হাজার ২.৫৫ ডলারে নেমেছে।

এনটিভি অনলাইন ডেস্ক