জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে কমলো স্বর্ণের দর
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল রপ্তানিকারক দেশ সৌদি আরবের একটি শোধনাগারে হামলার ঘটনায় জ্বালানি সরবরাহের ঝুঁকি তীব্র রূপ নিয়েছে। এর প্রভাবে জ্বালানি তেলের দাম ১ শতাংশেরও বেশি বৃদ্ধি পাওয়ায় মূল্যস্ফীতি নতুন করে চাঙ্গা হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, যা আজ বুধবার (২৮ অক্টোবর) বিশ্ববাজারে মূল্যবান ধাতু স্বর্ণের দর কিছুটা কমিয়ে দিয়েছে। খবর রয়টার্সের।
অর্থনীতিবিদ হামাদ হুসেইনের মতে, জ্বালানি তেলের বাড়তি দর মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগকে আরও উসকে দিচ্ছে। এটি মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভকে (ফেড) বাজারের প্রত্যাশার চেয়েও কড়া আর্থিক নীতি গ্রহণের দিকে ঠেলে দিতে পারে, যা স্বর্ণের দামে চাপ তৈরি করছে।
বুধবার (২৮ অক্টোবর) স্পট মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স চার হাজার ৪৬ দশমিক ৬২ ডলারে নেমে এসেছে।
স্বর্ণের পাশাপাশি অন্যান্য ধাতুর বাজারেও এই মন্দাভাব বজায় রয়েছে। আন্তর্জাতিক বাজারে স্পট সিলভার বা রুপার দাম ১ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৫৩ দশমিক ৭৩ ডলারে নেমে গেছে। অন্যদিকে প্লাটিনামের দাম ০ দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স এক হাজার ৫৩২ দশমিক ৪৯ ডলারে দাঁড়িয়েছে এবং প্যালাডিয়ামের দাম ০ দশমিক ৪ শতাংশ হ্রাস পেয়ে আউন্সপ্রতি এক হাজার ২২ দশমিক ২১ ডলারে বিক্রি হচ্ছে।
সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, ব্যবসায়ীরা আগামী ডিসেম্বরে সুদের হার বৃদ্ধির ৮৯ শতাংশ সম্ভাবনা অনুমান করছেন।

এনটিভি অনলাইন ডেস্ক