রুমমেটকে হত্যা করে সাত খণ্ড, গ্রেপ্তার শাহিন পাঁচদিনের রিমান্ডে
রাজধানীর মতিঝিলে রুমমেট মোহাম্মদ ওবায়দুল্লাহকে হত্যার পর মরদেহ সাত টুকরো করার অভিযোগে গ্রেপ্তার শাহিন আলমকে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার (২ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন এই আদেশ দেন। ঢাকার সিএমএম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহরিন হোসেন আসামিকে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
নথি থেকে জানা গেছে, নিহত ওবায়দুল্লাহর বাবা হামিদ মিঞা বাদী হয়ে গতকাল রোববার (১ মার্চ) মতিঝিল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এজাহার থেকে জানা গেছে, গত ২৭ ফেব্রুয়ারি দিবাগত রাতে কথাকাটাকাটির জেরে ওবায়দুল্লাহকে হত্যা করা হয়। পরে লাশ গুম করতে দেহটি সাতটি খণ্ড করেন শাহিন। এরপর নিজের সাইকেলে করে পলিথিনে মোড়ানো সেই খণ্ডিত অংশগুলো রাজধানীর বিভিন্ন জায়গায় ফেলে দেন তিনি। পরদিন ২৮ ফেব্রুয়ারি সকালে বিভিন্ন এলাকা থেকে দেহের অংশগুলো উদ্ধার করে পুলিশ। পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ওবায়দুল্লাহর রুমমেট শাহিনকে গ্রেপ্তার করা হয়।

আদালত প্রতিবেদক