সাবেক সেনা কর্মকর্তা নাজিম উদ্দিনের আয়কর নথি জব্দের আদেশ
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. নাজিম উদ্দিন, তার স্ত্রী ও ছেলের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার (২ মার্চ) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
রিয়াজ হোসেন জানান, দুদকের সহকারী পরিচালক আখতারুজ্জামান তদন্তের প্রয়োজনে এই আয়কর নথিগুলো জব্দের আবেদন করেন।
আবেদনে বলা হয়, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. নাজিম উদ্দিনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান বর্তমানে চলমান রয়েছে। অভিযোগের গুরুত্ব বিবেচনা করে এবং প্রকৃত সম্পদের তথ্য উদঘাটনে ২০১৩-১৪ করবর্ষ থেকে ২০২৫-২৬ করবর্ষ পর্যন্ত দীর্ঘ ১২ বছরের আয়কর রিটার্ন ও সংশ্লিষ্ট অন্যান্য নথিপত্র পর্যালোচনা করা একান্ত প্রয়োজন।
আদালতের এই আদেশের ফলে লে. জেনারেল (অব.) মো. নাজিম উদ্দিনের পাশাপাশি তাঁর স্ত্রী আজিজা তাহের এবং ছেলে মোহাম্মদ জায়েম বিন নাজিমের নামে থাকা আয়কর নথিগুলোও দুদকের হেফাজতে আসবে।

আদালত প্রতিবেদক