কসবায় ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি কাটায় ২ জনের কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি কাটার দায়ে এই দুই ব্যক্তিকে সাত দিনের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : এনটিভি
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার রানিয়ারা (কুটি) এলাকায় ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি কাটার দায়ে দুই ব্যক্তিকে সাত দিনের কারাদণ্ডাদেশ দিয়েছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (৩ মার্চ) পরিচালিত অভিযানে ভ্রাম্যমাণ আদালত এই দণ্ডাদেশ দেন।
দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন ময়মনসিংহের তারাকান্দা এলাকার শাহজাহানের ছেলে রাজিব মিয়া (২৪) ও একই এলাকার বাবুল মিয়ার ছেলে শাহিন মিয়া (২০)।
এ সময় ঘটনাস্থলে চলমান তিনটি ড্রেজার মেশিনের কার্যক্ষমতা নষ্ট করা হয় এবং অবৈধ কাজে ব্যবহৃত পাইপগুলোর সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. তানজিল কবির। তিনি জানান, কৃষি জমি রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সাইদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া (আখাউড়া-কসবা)