সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
বিদায়ী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যক্তিগত ব্যাংক হিসাব তথ্য তলব করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। এখন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র তিনি।
গত সোমবার (২ মার্চ) সংস্থাটির পক্ষ থেকে দেশের তফসিলি ব্যাংকসহ নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়। চিঠিতে আগামী তিন কর্মদিবসের মধ্যে আসিফ মাহমুদের ব্যক্তিগত ব্যাংক হিসাবের সব তথ্য নথিভুক্ত করে বিএফআইইউতে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
নিয়মিত তদারকির অংশ হিসেবে আর্থিক লেনদেনের তথ্য সংগ্রহ করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনোও আনুষ্ঠানিকভাবে মন্তব্য পাওয়া যায়নি।
ব্যাংক হিসাবের তথ্য তলবের বিষয়ে আসিফ মাহমুদ মঙ্গলবার রাতে একটি গণমাধ্যমকে বলেন, ‘আমার জানামতে, আমিসহ চারজন উপদেষ্টার ব্যাংক হিসাব তলব করা হয়েছে। যেভাবে এটি (ব্যাংক হিসাবের তথ্য তলব) প্রকাশ করা হয়েছে, তা আইনসম্মত হলো কি না, সেই প্রশ্ন উঠছে। আমি নিজেই আগামীকাল নিজের ব্যাংক স্টেটমেন্ট উন্মুক্ত করে দেব।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত বছর ১০ ডিসেম্বর উপদেষ্টার পদ ছাড়েন আসিফ মাহমুদ। পরে তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

নিজস্ব প্রতিবেদক