চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
নওগাঁর মান্দায় চোর সন্দেহে রফিকুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে মাদ্রাসার শিক্ষকদের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার (৫ মার্চ) ভোরে উপজেলার প্রসাদপুর দারুল উলুম ইসলামিয়া কওমি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম উপজেলার জিনার গ্রামের মৃত জেহের আলীর ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার দিনগত গভীর রাতে প্রসাদপুর দারুল উলুম ইসলামিয়া কওমি মাদ্রাসার ভেতরে রফিকুল ইসলামকে ঘোরাঘুরি করতে দেখে চোর সন্দেহে আটক করেন মাদ্রাসার শিক্ষকরা। এরপর তাকে মাদ্রাসার মাঠের একটি আম গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে বেধড়ক মারপিট করা হয়। দীর্ঘক্ষণ নির্যাতনের ফলে ঘটনাস্থলেই রফিকুলের মৃত্যু হয়। আজ সকালে এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলে, কেউ অপরাধ করলে তাকে পুলিশে সোপর্দ করাই আইনি প্রক্রিয়া। কিন্তু এভাবে পিটিয়ে মেরে ফেলা চরম মানবাধিকার লঙ্ঘন।
এ বিষয়ে জানতে প্রসাদপুর দারুল উলুম ইসলামিয়া কওমি মাদ্রাসার পরিচালক মাওলানা মাসুদুর রহমানের সঙ্গে সাংবাদিকরা কথা বলতে গেলে ‘একটু আসছি’ বলে মাদ্রাসা থেকে দ্রুত চলে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাসুদ রানা বলেন, ‘সকাল সাড়ে ৬টার দিকে সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
ওসি জানান, নিহত ব্যক্তির পরিবার মামলা করলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অন্যথায় পুলিশ বাদী হয়ে মামলা করবে এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

সুলতান আহমেদ, নওগাঁ (মান্দা-নিয়ামতপুর)