শ্রীমঙ্গলে ইসলামী ফ্রন্টের ইফতার মাহফিল
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা উপজেলা শাখার নতুন কমিটির অভিষেক এবং ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (৭ মার্চ) শহরের ভানুগাছ রোডস্থ রিজিক রেস্টুরেন্ট পার্টি সেন্টারে এই যৌথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় পরিষদের কো-চেয়ারম্যান পীরে তরিকত মাওলানা মুফতি শেখ শিব্বির আহমেদ।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, হিজরি দ্বিতীয় সালের ১৭ রমজানে সংঘটিত বদর যুদ্ধ ছিল সত্য ও মিথ্যার পার্থক্য নিরূপণকারী। এই যুদ্ধে মুসলমানদের বিজয় ইসলামের ইতিহাসে এক অনন্য শিক্ষা ও অনুপ্রেরণার উৎস হয়ে আছে।
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট শ্রীমঙ্গল উপজেলা শাখার নবনির্বাচিত সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা ইসলামী যুবসেনার সভাপতি হাজী ইজ্জতুর রহমান সাজ্জাদ।
অনুষ্ঠানে প্রধান বক্তা মুফতি শেখ জাবির আহমদ কাদেরী আল হোসাইনী সিরাজনগরী বলেন, ইসলামী ফ্রন্ট সুফিবাদী জনতার রাজনৈতিক প্ল্যাটফর্ম। এই সংগঠনটি শুরু থেকেই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এবং দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।
বাংলাদেশ ইসলামী যুবসেনা শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সম্পাদক হাজী মো. কামাল হোসেন ও জেলা যুবসেনার সাধারণ সম্পাদক পল্লী চিকিৎসক মোহাম্মদ মামুনুর রশীদ মামুন।
অনুষ্ঠানে স্থানীয় রাজনীতিবিদ, সাংবাদিক, সমাজকর্মী এবং ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দোয়া ও ইফতারের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

আহাদ মিয়া, মৌলভীবাজার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ)