মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের ইফতার মাহফিল
মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশী স্টুডেন্টস ইউনিয়ন মালয়েশিয়ায় (বিএসইউএম) উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ মার্চ) কুয়ালালামপুরের কুইল সিটি মলের পাক-পাঞ্জাব রেস্টুরেন্টে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থী, শিক্ষক, পেশাজীবী এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। তিলাওয়াত করেন ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার শিক্ষার্থী জাকারিয়া আশিক। অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন বিএসইউএমের সহসভাপতি ডা. ফাতেমা ইসলাম তন্বী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইউএমের উপদেষ্টা সুরাইয়া নাহার এবং সংগঠনের সাবেক সভাপতি ও উপদেষ্টা মোহাম্মদ জহুরুল ইসলাম ও জহির সাদাত। এছাড়াও উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার সহকারী অধ্যাপক এস এম আফজাল হক, বিশিষ্ট ব্যবসায়ী মুবিন ভুঁইয়া, হুমায়ুন কবির হিমেল, যমুনা টিভির মালয়েশিয়া প্রতিনিধি মনিরুজ্জামান মনির ও এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান।
অতিথিরা তাঁদের বক্তব্যে প্রবাসে বাংলাদেশি শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা, নৈতিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার গুরুত্ব তুলে ধরেন।
এছাড়াও ভার্চুয়ালি যুক্ত হয়ে সবার সঙ্গে কুশল বিনিময় করেন বিএসইউএমের সাবেক সাধারণ সম্পাদক ও কুড়িগ্রাম–২ আসনের সংসদ সদস্য আতিক মোজাহিদ। অপরদিকে, সংগঠনের সাবেক সভাপতি ও উপদেষ্টা এম এ বশির একটি ভিডিও বার্তায় অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানান। তাঁরা প্রবাসে অবস্থানরত শিক্ষার্থীদের সংগঠিত ও সক্রিয় থাকার ওপর গুরুত্বারোপ করেন এবং শিক্ষার্থীদের কল্যাণে বিএসইউএমের এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিএসইউএমের সাবেক সভাপতি ও উপদেষ্টা আলমগীর চৌধুরী আকাশ। তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন, ২০১৪ সালে প্রতিষ্ঠার পর থেকে বিএসইউএম প্রবাসে বাংলাদেশি শিক্ষার্থীদের কল্যাণে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, সংগঠনের অনেক সাবেক সদস্য ইতোমধ্যে বাংলাদেশসহ আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অবদান রেখে চলেছেন। তিনি প্রবাসে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার, নেতৃত্বের বিকাশ এবং একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসইউএমের বর্তমান সভাপতি মোহাম্মদ বেলায়েত হোসেন। সমাপনী বক্তব্যে তিনি উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতা, সম্প্রীতি ও ঐক্য জোরদারে সংগঠনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানের প্রোগ্রাম সমন্বয়কের দায়িত্ব পালন করেন বিএসইউএমের সাধারণ সম্পাদক ড. আবু জায়েদ।
পরিশেষে বিএসইউএমের সাবেক সভাপতি ও উপদেষ্টা মোহাম্মদ বোরহান উদ্দীন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। দোয়া শেষে সম্মিলিতভাবে ইফতার গ্রহণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ প্রবাসে বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি এবং পারস্পরিক যোগাযোগকে আরও সুদৃঢ় করবে।

কায়সার হামিদ হান্নান, মালয়েশিয়া