লোহাগড়ায় দুই পক্ষের সংঘর্ষে ইউপি সদস্য ও নারীসহ আহত ১২
নড়াইলের লোহাগড়া উপজেলার বাকা গ্রামে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে লক্ষ্মীপাশা ইউনিয়ন পরিষদের সদস্য জিরু কাজী ও দুই নারীসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। আজ রোববার (৮ মার্চ) সকাল ৯টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে জিরু কাজী ও আক্তার মোল্যা গ্রুপের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলছিল। গত শুক্রবার বিকেলে আক্তার মোল্যার সমর্থকরা মসজিদের ভেতরে ঢুকে জিরু কাজীর লোকজনকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। এই ঘটনার জের ধরে আজ রোববার সকালে উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষের সময় কুপিয়ে ও পিটিয়ে জিরু কাজী, লুৎফুন্নাহার, রেখা বেগম, সেলিম বিশ্বাস, হেমায়েত হোসেন, আনোয়ার, আক্তার মোল্যা, লিটন, ফিরোজ, শরিফুল, হাসান মোল্যা ও মিরাজ মোল্যাসহ অন্তত ১২ জনকে আহত করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, জিরু কাজীর পক্ষের লোকজনই বেশি আহত হয়েছেন।
এছাড়া বাকা গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় আমাদা গ্রামের তবিবর মৃধা নামে এক ভ্যানচালককে কোনো কারণ ছাড়াই আক্তার মোল্যার লোকজন মারধর করেছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার। আহতদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান জানান, খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এম. মুনীর চৌধুরী, নড়াইল