বকেয়া বেতন-বোনাসের দাবিতে বিসিসি কর্মচারীদের মানববন্ধন
বকেয়া বেতন ও বোনাস পরিশোধের দাবিতে তৃতীয় দিনের মতো আন্দোলন করছেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) শ্রমিকরা। দাবি আদায়ে আজ মঙ্গলবার (১০ মার্চ) সকালে নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
আন্দোলনরত শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে তাদের বেতন ও বোনাস বকেয়া রয়েছে। রমজান মাস চললেও এখনো তারা পাওনা টাকা পাননি। এতে পরিবার-পরিজন নিয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন তারা। দ্রুত বকেয়া পরিশোধের দাবিতে তারা টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
শ্রমিকরা বলেন, দুই দিন ধরে সিটি করপোরেশনের প্রধান কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করেছেন। কিন্তু কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো কার্যকর উদ্যোগ না নেওয়ায় আজ টাউন হলের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে অংশ নেওয়া শ্রমিকরা বলেন, ‘আমাদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধ করতে হবে। রোজার মাসে পরিবার নিয়ে খুব কষ্টে দিন কাটছে। দ্রুত আমাদের পাওনা পরিশোধ না করলে আন্দোলন আরও কঠোর করা হবে।’

আকতার ফারুক শাহিন, বরিশাল