নেছারাবাদে অজ্ঞাত ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার
পিরোজপুরের নেছারাবাদে সন্ধ্যা নদীর তীরবর্তী একটি ইটভাটার পাশ থেকে এক অজ্ঞাত ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের পূর্ব সারেংকাঠি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৫টার দিকে পূর্ব সারেংকাঠি গ্রামের মামুন মোল্লার ইটভাটার দক্ষিণ-পশ্চিম কোণে নদীর ধারে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন শ্রমিকরা। নিহতের মাথা শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল। খবর পেয়ে নেছারাবাদ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি উদ্ধার করে। মাথা বিচ্ছিন্ন থাকায় তাৎক্ষণিকভাবে স্থানীয় কেউ মৃত ব্যক্তিকে শনাক্ত করতে পারেননি।
খবর পেয়ে নেছারাবাদ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এসপি) এবং নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা জানায়, নিহতের পরিচয় শনাক্তের জন্য তথ্য-প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে।

রশিদ আল মুনান, পিরোজপুর