‘সংসদ হবে ১৮ কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু’
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক বিষয়ক সম্পাদক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, দীর্ঘ লড়াই সংগ্রামের পরে ১২ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। বাংলাদেশের গণতন্ত্র, রাজনীতির, উন্নয়ন ও দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণের কেন্দ্রবিন্দু হচ্ছে জাতীয় সংসদ। বাংলাদেশের ১৮ কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু; যেখানে বিরোধী দলকে সঙ্গে নিয়ে তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়া হবে।
গতকাল শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা, রামনগর ও ডাঙ্গী ইউনিয়ন বিএনপি আয়োজিত ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বিরোধী দলকে সঙ্গে নিয়ে সব ধর্ম বর্ণের মানুষের অংশগ্রহণে নতুন বাংলাদেশ গড়ে তুলতে কাজ শুরু করেছি। নতুন এই বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা প্রয়োজন।’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবন থেকে ও তার রাজনৈতিক দর্শন থেকে শিখবার অনেক কিছু রয়েছে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, যুগ্ম আহ্বায়ক ফজলুল হক টুলু, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি বাবুল তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সাইফুজ্জামান মুকুলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সঞ্জিব দাস, ফরিদপুর