ইমাম, মুয়াজ্জিন ও ধর্মীয় নেতাদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
দেশের মসজিদসমূহের ইমাম, মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বশীলদের জন্য প্রথমবারের মতো রাষ্ট্রীয় সম্মানী প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রকল্পের শুভ সূচনা করা হয়। নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে এই ‘ফ্ল্যাগশিপ’ কর্মসূচি হাতে নিয়েছে বর্তমান সরকার।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, প্রথম পর্যায়ে একটি পাইলট প্রকল্পের আওতায় সারা দেশের চার হাজার ৯০৮টি মসজিদ ও এক হাজার ৫৩০টি অন্যান্য ধর্মীয় উপাসনালয় (মন্দির, গির্জা ও বৌদ্ধ বিহার) এই সম্মানীর আওতায় আসবে।
প্রকল্পের পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি মসজিদের জন্য মাসিক ১০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে ইমাম পাবেন পাঁচ হাজার টাকা, মুয়াজ্জিন তিন হাজার টাকা ও খাদেম পাবেন দুই হাজার টাকা।
একইভাবে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মীয় উপাসনালয়ের জন্যও মাসিক আট হাজার টাকা করে সম্মানী নির্ধারণ করা হয়েছে। এর আওতায় প্রতিটি মন্দিরের পুরোহিত পাঁচ হাজার ও সেবায়েত তিন হাজার টাকা, বৌদ্ধ বিহারের অধ্যক্ষ পাঁচ হাজার ও উপাধ্যক্ষ তিন হাজার টাকা এবং গির্জার যাজক পাঁচ হাজার ও সহকারী যাজক তিন হাজার টাকা করে মাসিক সম্মানী পাবেন। এই অর্থ সরাসরি উপকারভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। এছাড়া ধর্মীয় উৎসব উপলক্ষে (ঈদ, দুর্গাপূজা, বুদ্ধ পূর্ণিমা ও বড়দিন) বিশেষ বোনাস প্রদানের ব্যবস্থাও রাখা হয়েছে।
অনুষ্ঠানে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহসহ মন্ত্রিসভার সদস্য ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক