মাটি কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত
ফেনীতে কৃষিজমির মাটি কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।
গতকাল শনিবার (১৪ মার্চ) দিনগত রাত ৩টার দিকে ছাগলনাইয়া উপজেলার কন্ট্রাক্টর মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবক হলেন–হোনা মিয়া (৩৭)। এ ঘটনায় আরও দুই যুবক গুরুতর আহত হয়েছেন। তারা হলেন–আলা উদ্দিন সুজন (৩০) ও নূর আলম (৪০)।
পুলিশ ও এলাকাবাসী জানায়, স্থানীয় সংসদ সদস্য রফিকুল আলম মজনুর কড়া নির্দেশ উপেক্ষা করে কৃষি জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে একটি চক্র। প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের কড়া পাহারায়ও তাদেরকে ঠেকানো যাচ্ছিল না। গত কয়েকদিন ধরেই ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের কন্ট্রাক্টর মসজিদ নামক স্থানে মাটি কাটাকে কেন্দ্র করে বিএনপির সমর্থকদের দুটি গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। পরে সেটি সংঘর্ষে রূপ নেয়।
রাত ৩টার দিকে সংঘর্ষে গুরুতর আহত ৩ জনকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক হোনা মিয়া নামের একজনকে মৃত ঘোষণা করেন। বাকি দুজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় কামাল উদ্দিন বলেন, জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে স্থানীয় সংসদ সদস্য রফিকুল আলম মজনু জমি মাটি কাটার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ও নিজে উপস্থিত থেকে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আসছিলেন। কিন্তু বিএনপি, যুবদল ও ছাত্রদলের নামধারী কিছু ব্যক্তি প্রশাসনকে ম্যানেজ করে মাটি কেটে আসছিল। শনিবার রাতে সংঘর্ষে জড়িতদের প্রায় সবাই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া দরকার।
নিহতের তথ্য নিশ্চিত করে ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদের জন্য ৭ জনকে আটক করা হয়েছে।

তোফায়েল আহাম্মদ নিলয়, ফেনী