বাসচাপায় প্রাণ গেল শাশুড়ি ও পুত্রবধূর
জামালপুরের বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত হয়েছেন।
আজ শনিবার (১০ অক্টোবর) সকালে বকশীগঞ্জ উপজেলার ঢাকা-বকশীগঞ্জ মহাসড়কের নিলক্ষিয়া ঠাকুরপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন–নিলক্ষিয়া ঠাকুরপাড়া গ্রামের উফেজা বেগম (৬৫) ও তার পুত্রবধূ ফরিদা বেগম (৩৫)। এ ঘটনায় বাসের হেলপারকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা শান্তি পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস বকশীগঞ্জ উপজেলার ঠাকুরপাড়া হয়ে পার্শ্ববর্তী কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় যাচ্ছিল। নিলক্ষিয়া ঠাকুরপাড়া এলাকায় বাড়ির সামনে সড়কের পাশে দাঁড়িয়ে নিজেদের মধ্যে কথা বলছিলেন বৃদ্ধা উফেজা বেগম ও তার পুত্রবধূ ফরিদা বেগম। এ সময় হঠাৎ বাসটি বেপরোয়া গতিতে তাদের দুজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দুই নারীর মৃত্যু হয়। শাশুড়ি ও পুত্রবধূর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, চালক পালিয়ে গেলেও ঘাতক বাস ও হেলপার মহিনউদ্দিনকে আটক করা হয়েছে। দুর্ঘটনায় মৃত্যুর বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আসমাউল আসিফ, জামালপুর
এহসানুল মাহবুব, জামালপুর (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ-ইসলামপুর)