কালিয়াকৈরে ড্রাম ট্রাকচাপায় যুবক নিহত
গাজীপুরের কালিয়াকৈরে পুকুর খননের মাটি পরিবহণের কাজে নিয়োজিত ড্রাম ট্রাকচাপায় মাসুম রানা (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার (১৪ মার্চ) রাতে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের লস্করচালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মাসুম রানা ওই গ্রামের নুর উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লস্করচালা গ্রামের নেহাল উদ্দিন তার একটি পরিত্যক্ত ফসলি জমির মাটি স্থানীয় মাটি ব্যবসায়ী নাসির উদ্দিনের কাছে বিক্রি করেন। নিহত মাসুম রানা ওই মাটি ব্যবসায়ী নাসিরের অধীনে ড্রাম ট্রাকের চালান (হিসাব) লেখার কাজ করতেন। শনিবার রাতে মাটি ভর্তি একটি ড্রাম ট্রাকের চালককে চালান বুঝিয়ে দেওয়ার সময় অসাবধানতাবশত ট্রাকের নিচে চাপা পড়েন তিনি। পরে তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অভিযোগ উঠেছে, ঘটনার পর আইনি ঝামেলা এড়াতে এবং পুরো বিষয়টি ধামাচাপা দিতে মাটি ব্যবসায়ী নাসির নিহতের পরিবারকে ৫ লাখ টাকা দিয়ে বিষয়টি মীমাংসার প্রস্তাব দেন।
মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শামিম আক্তার জানান, এ বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে লোকমুখে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহতের মরদেহ বর্তমানে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বি এম সাঈদ, গাজীপুর (কালিয়াকৈর)