যেসব জনবহুল স্থানে চালু হলো ‘বিনামূল্যে পাবলিক ইন্টারনেট’
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতির অংশ হিসেবে পরীক্ষামূলকভাবে দেশের গুরুত্বপূর্ণ জনবহুল স্থানে বিনামূল্যে পাবলিক ইন্টারনেট সেবা চালু করা হয়েছে। এই উদ্যোগের আওতায় দেশের প্রধান বিমানবন্দর ও রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন জনসমাগমস্থলে সাধারণ মানুষ এখন থেকে বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারের সুবিধা পাবেন। আজ সোমবার (১৬ মার্চ) বিএনপি মিডিয়া সেলের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
প্রযুক্তিগত এই অগ্রগতির অংশ হিসেবে ইতোমধ্যে দেশের পাঁচটি গুরুত্বপূর্ণ স্থানে ইন্টারনেট সংযোগ সফলভাবে সম্পন্ন হয়েছে। স্থানগুলো হলো—কক্সবাজার বিমানবন্দর, সৈয়দপুর বিমানবন্দর, রাজশাহী বিমানবন্দর, ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন এবং কক্সবাজার রেলওয়ে স্টেশন।
এ ছাড়া দেশের যোগাযোগ ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া দিতে প্রথমবারের মতো চলন্ত ট্রেনে স্যাটেলাইট ইন্টারনেট সেবা ‘স্টারলিংক’ চালু করা হয়েছে। বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও খুলনা রুটে চলাচলকারী ট্রেনগুলোতে যাত্রীরা এই উচ্চগতির ইন্টারনেট সুবিধা উপভোগ করতে পারছেন। প্রযুক্তির এই সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার এই কার্যক্রম দেশব্যাপী সম্প্রসারণের পরিকল্পনা করছে।

এনটিভি অনলাইন ডেস্ক