লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত
পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে সপরিবারে মোটরসাইকেলে চড়ে গ্রামের বাড়ি ফিরছিলেন এনজিওকর্মী শরিফুল ইসলাম। কিন্তু মাঝপথেই এক বেপরোয়া ট্রাক কেড়ে নিল শরিফুলসহ তাঁর স্ত্রী ও সন্তানের প্রাণ। আজ মঙ্গলবার (১৭ মার্চ) সকালে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার মির্জারকোট মডেল মসজিদ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শরিফুল ইসলাম (৩৫) পাটগ্রামের একটি বেসরকারি এনজিওতে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামে। দুর্ঘটনায় শরিফুল, তাঁর স্ত্রী ও এক ছেলে প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় তাঁদের আরও এক সন্তান গুরুতর আহত হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশে আজ সকালে শরিফুল তাঁর স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে পাটগ্রাম থেকে রওনা হন। মির্জারকোট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া ট্রাক তাঁদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শরিফুলের স্ত্রীর মৃত্যু হয়। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শরিফুল ও তাঁর এক সন্তানকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় গুরুতর আহত অপর শিশুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটিকে আটক করতে পুলিশি তৎপরতা চলছে।
ঈদের ঠিক আগমুহূর্তে এই মর্মান্তিক মৃত্যুতে নিহতের গ্রামের বাড়ি ও কর্মস্থলে শোকের ছায়া নেমে এসেছে।

হায়দার আলী বাবু, লালমনিরহাট