মেহেরপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
মেহেরপুরের গাংনী উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ মার্চ) দুপুর একটার দিকে উপজেলার মাইলমারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো—মাইলমারী গ্রামের কৃষক আব্বাস আলীর সাড়ে তিন বছর বয়সী ছেলে আদিব হোসেন এবং একই গ্রামের আকাশ আলীর তিন বছর বয়সী ছেলে ইউসুব আলী।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে বাড়ির পাশে পুকুরপাড়ে খেলছিল শিশু দুটি। একপর্যায়ে সবার অগোচরে তারা পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর তাদের খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখে স্থানীয়দের সহায়তায় দ্রুত উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফারুক হোসেন তাদের মৃত ঘোষণা করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হবে। গ্রামীণ এলাকায় শিশুদের নিরাপত্তায় অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে স্থানীয় সচেতন মহল।

রেজ আন উল বাসার তাপস, মেহেরপুর