পাঁচবিবিতে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পুকুরে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ বুধবার (২২ এপ্রিল) বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে উপজেলার ৫নং আটাপুর ইউনিয়নের মাঝিনা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুই ভাই হলো ওই গ্রামের মো. এনামুল হকের ছেলে হোসেন আলী (১০) ও রহমত আলী (৯)। তারা মাঝিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম ও চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো স্কুল ছুটির পর বাড়িতে এসে হোসেন আলী ও রহমত আলী তাদের আরও চার বন্ধুর সঙ্গে গ্রামের প্রবীর চন্দ্রের পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়। কিছুক্ষণ পর তাদের চাচাতো ভাই আল ইমরান পুকুরে তাদের দেখতে না পেয়ে বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা দ্রুত পুকুরে নেমে খোঁজাখুঁজি করে দুই শিশুকে পানির নিচ থেকে উদ্ধার করে।
উদ্ধারের পর দ্রুত তাদের পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মো. রায়হান বলেন, আমি সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

মনোয়ার হোসেন, জয়পুরহাট (সদর-পাঁচবিবি)