বরিশালে শেবাচিম হাসপাতালে আগুন, রোগীর মৃত্যু
বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে হাসপাতালের ওপিডি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় তাড়াহুড়া করে নামাতে গিয়ে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যু ও ৪-৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওপিডি ভবনের পাঁচ তলার স্টোররুমে আগুন লাগে। এসময় ওই ভবনে থাকা চিকিৎসাধীন রোগীদের তাড়াহুড়া করে সরিয়ে নেয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে এসে প্রায় একঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন নেভানোর কাজে আসা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী জানান, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এনেছে। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি যে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে তা ব্যাপক আকার ধারণ করার আগেই নিয়ন্ত্রণে আনা গেছে।
এদিকে আগুন আতঙ্কে তাড়াহুড়া করে নামানোর সময় আতাহার আলী (৮২) নামে এক রোগীর মৃত্যু ও কয়েকজন আহত হয়েছে। মারা যাওয়া আতাহার আলীর ছেলে আনসার আলী জানান, নিউমোনিয়া ও শ্বাসকষ্ট নিয়ে তিনদিন আগে তাঁর বাবাকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। আগুন থেকে বাঁচতে নামানোর সময় তিনি বেশী অসুস্থ হয়ে পড়েন। পরে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জনসংযোগ বিভাগের কর্মকর্তা খান স্বপন জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। চিকিৎসা কার্যক্রমও স্বাভাবিক রয়েছে।

আকতার ফারুক শাহিন, বরিশাল