বিসিসির পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বরিশাল সিটি করপোরেশনে কর্মরত পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে দেওয়া ঈদ উপহার বিতরণ করেছেন বিসিসির নতুন প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
আজ বুধবার (১৮ মার্চ) দুপুরে নগরীর অশ্বিনি কুমার টাউন হলে এই উপহারের টাকা পরিচ্ছন্নকর্মীদের হাতে তুলে দেওয়া হয়। মাথাপিছু পাঁচ হাজার করে মোট এক হাজার ৩৭৮ পরিচ্ছন্নকর্মী পান এই টাকা। এ সময় নতুন প্রশাসক বলেন, ‘শহরকে সুন্দর ও পরিষ্কার করে রাখতে হবে। কোনো অন্যায় ও দুর্নীতি সিটি করপোরেশনের যেন কাউকে স্পর্শ করতে না পারে।’
প্রশাসক আরও বলেন মাদকের বিরুদ্ধে আমরা যুদ্ধ করবো। সকলে মিলে বরিশাল কে তিলত্তমা করে গড়ে তুলতে হবে।
এদিকে ঈদের আগে ঈদ উপহার হিসেবে টাকা পেয়ে খুশি পরিচ্ছন্নকর্মীরা। এ সময় জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, সিটি করপোরেশনের কর্মকর্তা এবং জেলা ও মহানগর বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

আকতার ফারুক শাহিন, বরিশাল