পাটুরিয়ায় ঘরমুখো মানুষের ঢল, চাপ বাড়লেও নেই ভোগান্তি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে স্বজনদের টানে বাড়ি ফিরতে শুরু করেছে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ। এরই ধারাবাহিকতায় মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে যাত্রী ও যানবাহনের চাপ কিছুটা বৃদ্ধি পেলেও সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত বেশ স্বস্তিদায়ক রয়েছে।
আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরের পর থেকে পাটুরিয়া ঘাটে হঠাৎ করেই যানবাহন ও যাত্রীর চাপ বাড়তে দেখা যায়। তবে এই চাপ সাময়িক হওয়ায় যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে হচ্ছে না। পর্যাপ্ত নৌযান থাকায় স্বল্প সময়ের মধ্যেই তারা ফেরিতে উঠতে পারছেন এবং নির্বিঘ্নে পদ্মা নদী পার হচ্ছেন।
ঘাটে উপস্থিত একাধিক যাত্রী জানান, প্রতিবছর ঈদের সময় পাটুরিয়ায় ঘণ্টার পর ঘণ্টা যানজট ও চরম ভোগান্তি পোহাতে হলেও এবার চিত্র ভিন্ন। ঘাটে যানবাহনের সংখ্যা বাড়লেও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে না, যা সাধারণ যাত্রীদের জন্য বড় স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
ঘাট সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে বর্তমানে ১৭টি ফেরি ও ৩৪টি লঞ্চ দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। পর্যাপ্ত নৌযান চলাচলের কারণে ঘাট এলাকায় এখন পর্যন্ত কোনো দীর্ঘ যানজট বা অস্বাভাবিক জটলার সৃষ্টি হয়নি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাম হোসেন বলেন, সকাল থেকে চাপ তুলনামূলক কম ছিল, তবে দুপুরের পর তা কিছুটা বেড়েছে। পর্যাপ্ত সংখ্যক ফেরি সচল থাকায় যাত্রীদের কোনো ভোগান্তি ছাড়াই পারাপার নিশ্চিত করা সম্ভব হচ্ছে।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ