ঈদকে ঘিরে কোনো নিরাপত্তা শঙ্কা নেই : ডিএমপি কমিশনার
পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে রাজধানীতে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বরাবরের মতো এবারও জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে এবং ঢাকা জুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।
ভারপ্রাপ্ত কমিশনার জানান, জাতীয় ঈদগাহে ৩৫ হাজারেরও বেশি মুসল্লি নামাজ আদায় করবেন। এ ছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পাঁচটি এবং আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। সবকটি জামাতের নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপি সমন্বিত ও সুবিন্যস্ত ব্যবস্থা গ্রহণ করেছে। কোনো সুনির্দিষ্ট হুমকি না থাকলেও বিভিন্ন গোয়েন্দা সংস্থা সার্বক্ষণিক মনিটরিং করছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশের যথেষ্ট প্রস্তুতি রয়েছে।
নিরাপত্তা ব্যবস্থার বিস্তারিত তুলে ধরে মো. সরওয়ার বলেন, জাতীয় ঈদগাহের প্রবেশপথে আর্চওয়ে এবং মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করা হবে। পুরো এলাকা সিসি ক্যামেরা দিয়ে নজরদারি করা হবে। মৎস্য ভবন, প্রেস ক্লাব এবং শিক্ষা ভবন মোড়ে ব্যারিকেড থাকবে যাতে যানবাহন ঈদগাহের আশেপাশে প্রবেশ করতে না পারে। এ ছাড়া ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট, সিটিটিসির ডগ স্কোয়াড এবং সোয়াট টিম সার্বক্ষণিক মোতায়েন থাকবে। সাদা পোশাকে ডিবি এবং ডিএমপির বিশেষ টিম পুরো এলাকায় নিরাপত্তা বলয় তৈরি করবে।

নিজস্ব প্রতিবেদক