প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ঢোকার চেষ্টা, যুবক রিমান্ডে
প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি অনুষ্ঠানে যাওয়ার সময় নির্ধারিত নিরাপত্তা বেষ্টনীতে ঢোকার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার যুবক মুহিবুল্লাহ মুবিনকে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। সোমবার (৭ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এই আদেশ দেন।
ঢাকার সিএমএম আদালতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আসাদুর রহমান আসামিদের হাজির করে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে। শুনানি শেষে বিচারক পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আদেশ দেন।
নথি থেকে জানা গেছে, গত শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে প্রবেশ করার পর নিরাপত্তা বেষ্টনী বলয়ের ভেতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। এ ঘটনায় তেজগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইনে এ মামলাটি করা হয়।
এজাহারে বলা হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান ফার্মগেটের কেআইবি অডিটোরিয়ামে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভায় যোগ দিতে যান। এ সময় প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত করা, সন্ত্রাসী হামলার পরিকল্পনা ও অনুষ্ঠান বানচালের উদ্দেশ্যে আসামি মোটরসাইকেলসহ নিরাপত্তা বেষ্টনীতে প্রবেশ করে অজ্ঞাতনামা আসামিদের নিয়ে পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করে। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

আদালত প্রতিবেদক