দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় জুমাতুল বিদা পালিত
দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে আজ শুক্রবার (২০ মার্চ) পবিত্র জুমাতুল বিদা পালিত হয়েছে। পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার জুমাতুল বিদা পালন করা হয়।
সারা দেশে সব মসজিদে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে এদিন পবিত্র জুমাতুল বিদা পালিত হয়।
মাহে রমজানের শেষ দিনে জুমাতুল বিদা হওয়ায় মসজিদগুলোতে ছিল মুসল্লিদের উপচে পড়া ভিড়।
রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ সারা দেশের বিভিন্ন মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিরা জুমার নামাজ আদায় করেন।
নামাজ আদায়ের আগে খতিব ও আলেমরা জুমাতুল বিদা ও মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বিশেষ খুতবা দেন।
জুমার নামাজ শেষে মসজিদগুলোতে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।
ধর্মপ্রাণ মুসল্লি এবং মসজিদে অবস্থানকারী এতেকাফকারী মুসল্লিরা জুমার নামাজ আদায় শেষে গুনাহ মাফের জন্য মহান রবের দরবারে হাত তুলেন। বাবা-মা ও প্রয়াত আত্মীয়-স্বজন এবং অসুস্থদের জন্য দোয়া করেন তারা। এ ছাড়া মোনাজাতে পরিবার, সমাজ ও দেশের কল্যাণ কামনা করা হয়।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)