প্রধানমন্ত্রীর সঙ্গে সাবেক প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছেন।
আজ শনিবার (২১ মার্চ) দুপুর ১২টার দিকে রাজধানীর সরকারি বাসভবন যমুনায় এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জায়মা রহমান এবং ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমানসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। সাক্ষাৎ শেষে সবাই অত্যন্ত আনন্দঘন পরিবেশে যৌথ ছবি তোলেন।
সাক্ষাৎকালে তারা পরস্পরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। কুশলাদি বিনিময়ের পাশাপাশি দেশের সার্বিক পরিস্থিতি, উন্নয়ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। এসময় জাতীয় ঐক্য, রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ধারা আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
ঈদের এই পবিত্র মুহূর্তে দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন উভয় পক্ষ। পাশাপাশি জনগণের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
এর আগে আজ সকাল সাড়ে আটটায় জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নেন প্রধানমন্ত্রী। সেখানে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেওয়ার পর তিনি সরাসরি প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ফিরে আসেন। সেখানে সকাল থেকেই প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের ঢল নামে। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যক্তিদের জন্য সকাল সাড়ে আটটায় মূল ফটক উন্মুক্ত করে দেওয়া হলে মুহূর্তেই পুরো এলাকা জনস্রোতে রূপ নেয়।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পাশে ছিলেন তার সহধর্মিণী ড. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জায়মা রহমান। পরিবারের সদস্যদের নিয়ে অত্যন্ত হাসিমুখে আগত অতিথিদের সঙ্গে হাত মেলান এবং ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী।

নিজস্ব প্রতিবেদক