ম্যাজিস্ট্রেট দেখে ঘরে তালা দিয়ে আত্মগোপন, ভুয়া ডাক্তারের চেম্বার সিলগালা
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় অনুমোদনহীন ও অবৈধভাবে স্বাস্থ্যসেবা পরিচালনার দায়ে ‘আজিজ ডায়াগনস্টিক সেন্টার’ নামে একটি ভুয়া ডাক্তারের প্রতিষ্ঠান সিলগালা করেছে স্থানীয় প্রশাসন। সোমবার (৩০ মার্চ) দুপুরে উপজেলার বালিপাড়া ইউনিয়নে এক ঝটিকা অভিযানের মাধ্যমে এই ব্যবস্থা নেওয়া হয়। অভিযান চলাকালে প্রতিষ্ঠানটির মালিকের নাটকীয় আত্মগোপন এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
ত্রিশাল উপজেলা প্রশাসন ও ময়মনসিংহ সিভিল সার্জন সূত্রে জানা যায়, বালিপাড়া বাজারের আজিজ ডায়াগনস্টিক সেন্টারটি দীর্ঘদিন ধরে কোনো বৈধ কাগজপত্র ছাড়াই কার্যক্রম চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দল সেখানে ঝটিকা অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ডাক্তার হিসেবে পরিচয় দেওয়া হুমায়ুন কবির দ্রুত তার নিজ বাসায় ঢুকে ভেতর থেকে তালা মেরে আত্মগোপন করেন।
প্রশাসন ও পুলিশ সদস্যরা হুমায়ুন কবিরকে বারবার বাইরে আসার অনুরোধ জানালেও তিনি কোনো সাড়া দেননি। দীর্ঘ সময় অপেক্ষা করার পর ও মালিকের পক্ষ থেকে কোনো সহযোগিতা পায়নি।
পরে প্রতিষ্ঠানটি পরিচালনার স্বপক্ষে কোনো বৈধ লাইসেন্স বা প্রয়োজনীয় নথিপত্র দেখাতে ব্যর্থ হওয়া ও মালিক পলাতক থাকায় ‘আজিজ ডায়াগনস্টিক সেন্টার’টি সিলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ভবনটিতে তালা ঝুলিয়ে দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতব পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান বলেন, ‘অবৈধ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মাধ্যমে জনস্বাস্থ্য ঝুঁকির মুখে ফেলার কোনো সুযোগ নেই। নিয়মবহির্ভূত এমন প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনের এই কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

তানভীর হোসাইন, ময়মনসিংহ (সদর-মুক্তাগাছা)