বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল
বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী কে এম ওবায়দুর রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের নগরকান্দা উপজেলা বিএনপির উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৩ মার্চ) বিকেলে এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে কে এম ওবায়দুর রহমানের মেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, কে এম ওবায়দুর রহমান ছিলেন একজন শক্তিশালী সাংগঠনিক ব্যক্তিত্ব, যিনি কখনও অন্যায়ের সঙ্গে আপস করেননি। তার আদর্শ ধারণ করতে হলে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতে হবে এবং কোনোভাবেই অন্যায়ের সঙ্গে সম্পৃক্ত হওয়া যাবে না।
স্থানীয় নেতকর্মীদের উদ্দেশে শামা ওবায়েদ বলেন, দেশের উন্নয়নমূলক কাজে বাধা সৃষ্টি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। তার নাম ব্যবহার করে অফিস-আদালতসহ বিভিন্ন স্থানে যারা ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে ইতোমধ্যে সংশ্লিষ্ট সব সরকারি দপ্তরে চিঠি পাঠানো হয়েছে।
এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলহাজ জহিরুল হক শাহজাদা মিয়া, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, যুগ্ম আহ্বায়ক খন্দকার ফজলুল হক টুলু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন।
আলোচনা শেষে মরহুম কে এম ওবায়দুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
২০০৭ সালের ২১ মার্চ ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কে এম ওবায়দুর রহমান। তাকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামের নিজ বাড়িতে দাফন করা হয়। এরপর থেকে প্রতি বছর ২১ মার্চ তার মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়ে আসছে। তবে এ বছর পবিত্র ঈদুল ফিতর হওয়ায় স্মরণসভা ও দোয়া মাহফিল আজ সোমবার অনুষ্ঠিত হয়।

সঞ্জিব দাস, ফরিদপুর