ওবায়দুর রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকীতে শামা ওবায়েদের শ্রদ্ধা
বিএনপির সাবেক মহাসচিব ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম কে এম ওবায়দুর রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকীতে তাঁর কবর জিয়ারত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু। আজ শনিবার (২১ মার্চ) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া এলাকায় পারিবারিক বাসভবন ওবায়েদ মঞ্জিলে শামা ওবায়েদ নেতাকর্মীদের নিয়ে বাবার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।
এ সময় বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলহাজ জহিরুল হক শাহজাদা মিয়া, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
২০০৭ সালের ২১ মার্চ ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কে এম ওবায়দুর রহমান। তাঁকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামের নিজ বাড়িতে দাফন করা হয়। এরপর থেকে প্রতি বছর ২১ মার্চ তাঁর মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়ে আসছে। তবে এ বছর পবিত্র ঈদুল ফিতর হওয়ায় স্মরণসভা ও দোয়া মাহফিল আগামী সোমবার (২৩ মার্চ) বিকেল ৩টায় নগরকান্দার এম এন একাডেমি মাঠে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও মেয়ে শামা ওবায়েদ ইসলাম রিংকুর।
পিতার মৃত্যুবার্ষিকী নিয়ে শামা ওবায়েদ বলেন, গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করি বাবাকে। তিনি ছিলেন গণমানুষের নেতা, ন্যায় ও গণতন্ত্রের নির্ভীক সৈনিক। তাঁর আদর্শ আমাদের পথচলার প্রেরণা। বাবার দেখানো পথে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাব সারা জীবন।

সঞ্জিব দাস, ফরিদপুর