৫ লাখ টাকা নিয়ে উধাও কর্মচারী, পরে গ্রেপ্তার
নওগাঁর বদলগাছীতে বিকাশ-নগদ-রকেট ও ডিপ টিউবওয়েল রিচার্জ এজেন্টের টাকা নিয়ে এক কর্মচারী উধাও হয়ে গেছেন। তার বিরুদ্ধে পাঁচ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ১৮ মার্চ বদলগাছী চারমাথা সংলগ্ন গোলাম সরওয়ার শাহীনের দোকান থেকে টাকা আত্মসাৎ করে পালান মো. রিপন হোসেন (৩২)। পরে গতকাল সোমবার (২৩ মার্চ) তাকে বদলগাছী চারমাথা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ১৮ মার্চ বিকেলে রিপন হোসেন দোকানের এজেন্ট ও ব্যক্তিগত বিকাশ-নগদ নম্বর থেকে নিজের ব্যবহৃত মোবাইল নম্বরে ‘সেন্ড মানি’ ও ‘ক্যাশ ইন’-এর মাধ্যমে অর্থ স্থানান্তর করেন। পরে দোকানে থাকা নগদ টাকাসহ মোট প্রায় পাঁচ লাখ টাকা নিয়ে দোকান বন্ধ করে পালিয়ে যান। ঘটনার পর দোকানের মালিক গোলাম সরওয়ার শাহিন বদলগাছী থানায় চুরির মামলা করেন।
মামলার তদন্তকারী অফিসার (এসআই) মনিরুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে অভিযুক্ত রিপন গা ঢাকা দেন। তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে অভিযান চালানো হয়। পরে বদলগাছী চারমাথা মোড় এলাকা থেকে রিপন হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ আছে কি না, সেটি খতিয়ে দেখা হচ্ছে।

মিঠু হাসান, নওগাঁ (বদলগাছী-মহাদেবপুর)