দেশে জ্বালানির পর্যাপ্ত মজুত রয়েছে : জ্বালানিমন্ত্রী
দেশে জ্বালানির পর্যাপ্ত মজুত রয়েছে জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, দেশে হঠাৎ করে তেলের চাহিদা বেড়ে যাওয়ায় মূলত সংকট দেখা দিয়েছে।
আজ মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইকবাল হাসান মাহমুদ টুকু এ কথা বলেন।
জ্বালানিমন্ত্রী বলেন, দেশে জ্বালানির পর্যাপ্ত মজুত রয়েছে। তাই জনগণকে অতিরিক্ত তেল সংগ্রহ না করার আহ্বান জানাচ্ছি।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, সবাই প্রয়োজন মতো তেল পাবেন এবং শঙ্কার কোনো কারণ নেই। প্রয়োজনের অতিরিক্ত তেল না নিলে সরবরাহ ঠিক থাকবে। তেলের দাম বাড়ানো নিয়ে কাজ করে এনার্জি রেগুলেটরি কমিশন, তবে সরকার এখনও তেলের দাম বাড়ায়নি।
এর আগে গতকাল সোমবার দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক আছে উল্লেখ করে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, সবাই তেল পাবে, জনগণকে প্যানিক না হয়ে প্রয়োজন অনুযায়ী তেল নেওয়ার অনুরোধ করছি।
নিজ বাসায় সংবাদ সম্মেলনে মন্ত্রী আরও বলেন, এই সরকারের নেতৃত্বে ভর্তুকি দিয়েও তেল আমদানি অব্যাহত আছে। ঈদের কারণে গত দুদিন সরবরাহ বন্ধ থাকায় জনগণকে একটু চাপ পেতে হয়েছে।
গত বছরের তুলনায় ২৫ ভাগ বেশি তেল আমদানি করা হচ্ছে জানিয়ে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, সবাই তেল পাবে, জনগণকে প্যানিক না হয়ে প্রয়োজন অনুযায়ী তেল নেওয়ার অনুরোধ জানাচ্ছি।

নিজস্ব প্রতিবেদক