আসিফের গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনায় কী বললেন ওমর সানী?
জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি চালানোর ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক ওমর সানী।
আজ শনিবার (২৪ অক্টোবর) ভোর পৌনে পাঁচটার দিকে মগবাজারের বিশাল সেন্টারের সামনে এই হামলার ঘটনা ঘটে।
এ ঘটনার পর আজ শনিবার সামাজিক মাধ্যম ফেসবুকে সেই বিক্ষত গাড়ি ও আসিফ আকবরের ছবি যুক্ত করে স্ট্যাটাস দেন চিত্রনায়ক ওমর সানী। তিনি তার পোস্টে লিখেছেন, ‘গায়ক আসিফ আকবরের গাড়িতে গুলি করা একটা অশুভ সংকেত। এটা হওয়া উচিত না, আসিফ তোমার দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ ভালো রাখুন তোমাকে।’
এর আগে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান এনটিভি অনলাইনকে জানান, গুলির সময় গাড়িতে ছিলেন না আসিফ আকবর। এ ঘটনায় কেউ হতাহত হননি।
এই হামলার নেপথ্যে কোনো ব্যক্তিগত বা পেশাগত বিরোধ রয়েছে কি না, সে বিষয়ে পুলিশ এখনো কোনো তথ্য পায়নি।
এ ঘটনা রীতিমতো আতঙ্ক তৈরি করেছে শোবিজ অঙ্গনে; উদ্বেগে রয়েছেন তার ভক্তরাও। এমন সময়েই ওমর সানীর পোস্ট। ভক্তরা আসিফ আকবরের জন্য প্রার্থনা করছেন।

বিনোদন ডেস্ক