ফেনীতে মহাসড়ক পার হতে গিয়ে লরিচাপায় প্রবাসী নিহত
ফেনীর মুহুরীগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় লরির চাপায় আমিনুল ইসলাম ভূঁইয়া নামে এক প্রবাসী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে মুহুরীগঞ্জ স্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আমিনুল ইসলাম ভূঁইয়ার বাড়ি দৌলতপুরের শেখজি পাড়ায়। তিনি দীর্ঘদিন প্রবাসে কর্মরত ছিলেন।
নিহতের বেয়াই কাজী আবু তাহের জানান, মাগরিবের নামাজ শেষ করে আমিনুল ইসলাম মুহুরীগঞ্জ বাজারে যাচ্ছিলেন। মহাসড়ক পার হওয়ার সময় চট্টগ্রামগামী একটি দ্রুতগতির লরি তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ফাজিলপুর (মুহুরীগঞ্জ) হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী জানান, অজ্ঞাত একটি গাড়ি আমিনুল ইসলামকে চাপা দিয়ে পালিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তোফায়েল আহাম্মদ নিলয়, ফেনী