বাওড়ে মাছ ধরতে নেমে সাপের কামড়ে পুলিশ সদস্যের মৃত্যু
ঝিনাইদহের মহেশপুরে নস্তি বাওড়ে মাছ ধরতে নেমে বিষধর সাপের কামড়ে আশিক আহম্মেদ (২৮) নামে পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে এই দুর্ঘটনা ঘটে। নিহত আশিক নওগাঁ জেলার রাণীনগর উপজেলার ডাকাহারপাড়া গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ পুলিশ লাইন্সের এএসআই শাকিল আহম্মেদ, কনস্টেবল আরিফ হোসেন মুন্সী ও চালক আশিক আহম্মেদ নস্তি বাওড়ে মাছ ধরতে আসেন। বিকেল সাড়ে ৩টার দিকে বাওড়ের পানিতে নামলে আশিককে একটি বিষধর সাপ কামড় দেয়। তাৎক্ষণিকভাবে তার সঙ্গে থাকা সহকর্মীরা তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. হাবিবুর রহমান জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই আশিকের মৃত্যু হয়েছে। নিহতের পায়ে সাপে কাটার ক্ষত চিহ্ন ছিল এবং শরীর নীল হয়ে গিয়েছিল, যা বিষক্রিয়ার স্পষ্ট লক্ষণ।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, ঝিনাইদহ থেকে আশিকসহ চারজন পুলিশ সদস্য একটি গাড়ি মেরামতের কাজে মহেশপুর থানায় এসেছিলেন। কাজ শেষে তারা নস্তি বাওড়ে বড়শি দিয়ে মাছ ধরতে যান। মাছ ধরা শেষে গোসল করতে নামলে এই ঘটনা ঘটে।

মনজুরুল আহসান, ঝিনাইদহ (সদর-কালীগঞ্জ-কোটচাঁদপুর)