বিদ্যুৎস্পৃষ্টে পুলিশের এএসআই নিহত
গাইবান্ধার গোবিন্দগঞ্জে আইপিএস মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাসাদুজ্জামান টিটন মিয়া নামের এক পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। গতকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাসাদুজ্জামান টিটন হরিরামপুর গ্রামের সাইদার রহমানের ছেলে। তিনি বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চাকরি থেকে ছুটি নিয়ে শনিবারই গ্রামের বাড়িতে আসেন টিটন। সন্ধ্যায় এলাকায় বিদ্যুৎ চলে গেলে তিনি নিজেই নিজের বাড়ির আইপিএস মেরামত করতে যান। এ সময় অসাবধানতাবশত হঠাৎ তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান। পরবর্তীতে পরিবারের সদস্যরা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কৃষ্ণ কুমার চাকী, গাইবান্ধা
খায়রুল বাসার, গাইবান্ধা (গোবিন্দগঞ্জ)