ফেসবুক স্ট্যাটাস নিয়ে সংঘর্ষে কৃষকদল নেতা নিহত
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার কুল্ল্যাগাছা ভাতুড়িয়া গ্রামে ফেসবুক স্ট্যাটাস ও কমেন্ট করা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আবুল কাশেম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বুধবার (২৫ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম কাপাশহাটিয়া ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক এবং ওই গ্রামের আব্দুল লতিফ মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদুল ফিতরের কয়েকদিন আগে ফেসবুকে একটি পোস্টের কমেন্ট করা নিয়ে আবুল কাশেমের সাথে তার চাচাতো ভাই আব্দুল আজিজের বাকবিতণ্ডা হয়। সেই বিরোধের জেরে বুধবার রাতে দুই ভাই হাতাহাতিতে জড়িয়ে পড়লে উভয় পরিবারের সদস্যরা সংঘর্ষে লিপ্ত হয়। এক পর্যায়ে আবুল কাশেম অচেতন হয়ে মাটিতে পড়ে যান। তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
কাপাশহাটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরাফুদ্দৌলা ঝন্টু জানান, তুচ্ছ ঘটনা নিয়ে একই পরিবারের সদস্যদের মধ্যে বেশ কয়েকদিন ধরে বিরোধ চলছিল, যা বুধবার রাতে সংঘর্ষে রূপ নেয়।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু অভিযোগ করেছেন, স্থানীয় আওয়ামী লীগ ও জামায়াতের যৌথ হামলায় এই হত্যাকাণ্ড ঘটেছে।
অন্যদিকে, হরিণাকুণ্ডু উপজেলা জামায়াতের আমির বাবুল হোসেন এই অভিযোগ অস্বীকার করে বলেন, এটি পারিবারিক ঘটনা। চাচাতো ভাইদের মারামারির সময় নিজের চাচার ছোঁড়া ইটের আঘাতে তিনি মারা গেছেন বলে শুনেছি। এর সাথে জামায়াতের কোনো সম্পর্ক নেই।
ঝিনাইদহ সদর হাসপাতালের চিকিৎসক জুবায়ের আহমেদ জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই আবুল কাশেমের মৃত্যু হয়েছে। মরদেহে গুরুতর কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, ফেসবুকে লেখালেখি নিয়ে পূর্ববিরোধের জেরে চাচাতো ভাইদের মধ্যে মারামারি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে এই ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ করা হয়নি।

মনজুরুল আহসান, ঝিনাইদহ (সদর-কালীগঞ্জ-কোটচাঁদপুর)