আগামীর বাংলাদেশ গড়ার দায়িত্ব শিক্ষকদের : শিক্ষামন্ত্রী
আগামীর বাংলাদেশ গড়বে শিক্ষকরা—এমন মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
আজ শুক্রবার (২৭ মার্চ) বিকেলে কুমিল্লা শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী এ মন্তব্য করেন।
শিক্ষামন্ত্রী বলেন, একজন পুলিশ আইনশৃঙ্খলা রক্ষা করেন, জেলা প্রশাসক জেলার সার্বিক বিষয় দেখেন—কিন্তু ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার মূল দায়িত্ব শিক্ষকদেরই।
শিক্ষামন্ত্রী আরও বলেন, পাবলিক পরীক্ষায় নকল প্রথা একসময় চালু হয়েছিল এবং তা বন্ধ করতেও শিক্ষকদেরই ভূমিকা ছিল।
অতীতে দেশে নকলের বিস্তার ঘটেছিল উল্লেখ করে মন্ত্রী জানান, এখন থেকে নকল করে পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ থাকবে না।
শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব তার কাছে একটি ‘এবাদতখানা’। শিক্ষকরা যদি একজন শিক্ষার্থীকে সৎ ও যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে পারেন, সেটি তাদের জন্য সদকায়ে জারিয়া হয়ে থাকবে।
নকল প্রতিরোধে কঠোর অবস্থান তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, একসময় কিছু শিক্ষক শিক্ষার্থীদের খাতায় লিখে দেওয়ার মতো অনৈতিক কাজে জড়িত ছিলেন। সেই সংস্কৃতি থেকে বেরিয়ে এসে এখন নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে হবে।
আসন্ন এসএসসি পরীক্ষা সামনে রেখে প্রতিটি কেন্দ্রকে সিসিটিভির আওতায় আনার নির্দেশনা দেন তিনি। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থাও নিশ্চিত করার কথা বলেন।
মতবিনিময় সভায় শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।
পরে শিক্ষামন্ত্রী শিক্ষক সমিতির নেতাদের সঙ্গে পৃথক মতবিনিময় সভা করেন।

মাহফুজ নান্টু, কুমিল্লা