দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, ক্যাবিন কেটে মরদেহ উদ্ধার
দিনাজপুরের ঘোড়াঘাটে মহাসড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগতির আরেকটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই চালকের সহকারী আপন চন্দ্র দাস (২৬) নিহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) দিনগত রাত আড়াইটার দিকে পৌরশহরের ঘোড়াঘাট ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আপন চন্দ্র দাস নীলফামারীর ডিমলা উপজেলার কেয়াপাড়া গ্রামের বাসিন্দা। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ট্রাকচালক বিকাশ চন্দ্র দাস (৩০), যিনি নিহতের দুলাভাই বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বালুবোঝাই একটি ট্রাক পাবনার দিকে যাওয়ার পথে যান্ত্রিক ত্রুটির কারণে মহাসড়কের পাশে বিকল হয়ে পড়ে। ট্রাকটি মেরামতের কাজ চলাকালীন পেছন থেকে আসা বগুড়ামুখী গ্যাস সিলিন্ডারবাহী একটি দ্রুতগতির ট্রাক সজোরে সেটিকে ধাক্কা দেয়। সংঘর্ষের ফলে গ্যাসবাহী ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ক্যাবিনের ভেতরে আটকা পড়েন হেলপার আপন চন্দ্র দাস।
খবর পেয়ে ঘোড়াঘাট থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। দীর্ঘ প্রচেষ্টায় ট্রাকের ক্যাবিন কেটে আপন চন্দ্র দাসের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় গুরুতর আহত অবস্থায় চালক বিকাশ চন্দ্র দাসকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাক দুটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান আছে।

মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)