নেত্রকোনায় কুটিরশিল্প মেলা শুরু
নেত্রকোনায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে মাসব্যাপী ‘ঈদ আনন্দ ক্ষুদ্র কুটির শিল্প, হস্তশিল্প ও বাণিজ্য মেলা’। জেলা প্রেসক্লাব ও পুলিশ নারীকল্যাণ সমিতির (পুনাক) যৌথ উদ্যোগে শহরের কেন্দ্রস্থল মোক্তারপাড়া পুরাতন কালেক্টরেট মাঠে এই বর্ণিল মেলার আয়োজন করা হয়েছে।
গতকাল রোববার (২৯ মার্চ) বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এবং বেলুন ও পায়রা উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন নেত্রকোনা জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নূরুজ্জামান নূরু। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাবের সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, সাবেক সম্পাদক শ্যামলেন্দু পালসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উদ্বোধনের প্রথম দিনেই মেলা প্রাঙ্গণে নারী, শিশু ও বয়স্কদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। পরিবার-পরিজন নিয়ে ঘুরতে আসা দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। মেলায় স্থান পেয়েছে দেশীয় ক্ষুদ্র হস্তশিল্প, কুটির শিল্প এবং আধুনিক পোশাকের নান্দনিক সব শোরুম। কেনাকাটার পাশাপাশি বাহারি খাবারের স্টল এবং শিশু-কিশোরদের বিনোদনের জন্য নাগরদোলাসহ বিভিন্ন রাইড মেলায় ভিন্ন মাত্রা যোগ করেছে।

ভজন দাস, নেত্রকোনা