নেত্রকোনায় মোটরসাইকেল দুর্ঘটনায় চালক নিহত
নেত্রকোনা সদর উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা লেগে ফারুক আহমেদ নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে নেত্রকোনা-কেন্দুয়া সড়কের মদনপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ফারুক আহমেদ কেন্দুয়া পৌরসভার চন্দ্রগাতী গ্রামের মৃত জমুর উদ্দিন ভূঁইয়ার ছেলে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, সকালে ফারুক আহমেদ নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে নেত্রকোনা সদরে যাচ্ছিলেন। পথে মদনপুর বাজারের দক্ষিণ পাশে মোবাইলফোনে টাওয়ার মোড়ে পৌঁছালে তিনি বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পাকা দেওয়ালে সজোরে ধাক্কা দেন। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভজন দাস, নেত্রকোনা